নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
ওই তিনজন পেশায় ভ্যানচালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তরুণী ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল ওই তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। এ সময় তাঁর দুই বন্ধু হারুণ ও রুবেলকে সেখানে ডেকে নিয়ে এসে দলবদ্ধ হয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তাঁরা তরুণীকে ফেলে রেখে চলে যান। এ ঘটনার পর রাতেই থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। পরে আজ রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। সকালে তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
