প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সালেহপুর এলাকার ‘অনলাইন ফিলিং স্টেশন (সিএনজি) লিমিটেডে’ এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
আহত ব্যক্তিরা হলেন ফিলিং স্টেশনের কর্মচারী বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০)।
স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ফিলিং স্টেশনে একটি ট্রাকে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনের ভবনের দরজা-জানালা ও সাজসজ্জার কাচ ভেঙে যায়। এ সময় পাশে কাজ করা তিন কর্মচারী আহত হন।
স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের সময় ট্রাকের ভেতরে চালক বা অন্য কোনো যাত্রী ছিলেন না।
দুর্ঘটনার পর ফিলিং স্টেশনের অন্য কর্মচারীরা আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ ও তিন কর্মচারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
