সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ২:২৬ অপরাহ্ন
সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের করেরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি দোকান ও পার্শ্ববর্তী দুটি পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিউক চেয়ারম্যান। ক্ষতিগ্রস্ত দুটি পরিবার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজার বিষয়টিও বিবেচনায় নিয়ে এ সহায়তা দেওয়া হয়।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
গুগলে আমাদের খবর পেতে
