Published on
:
1 min read
ফ্যাশন দুনিয়ায় ফের নিজের উপস্থিতি জানান দিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। অতিরঞ্জিত জমকালো সাজ এড়িয়ে কী ভাবে মার্জিত সাজ ফুটিয়ে তুলতে হয়, তা আরও একবার দেখিয়ে দিলেন তিনি। সম্প্রতি ডিজ়াইনার করণ তোরাণির ‘তোরাণি’ লেবেলের একটি মনোমুগ্ধকর আইভরি ও সোনালি শাড়িতে ক্যামেরাবন্দি হয়েছেন ভূমি। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল-এ ছবিগুলো শেয়ার করে ভূমি লেখেন, ‘Been a minute, Loved wearing this @karantorani.’ ভূমির এই সিগনেচার লুক ফ্যাশনপ্রেমীদের মন জয় করে নিয়েছে এক মুহূর্তে।
আইভরি রঙের সুতি ও অর্গ্যানজ়া ফ্যাব্রিকের উপর সোনালি সুতোর সূক্ষ্ম এমব্রয়ডারি শাড়িটিকে দিয়েছে এক ভিনটেজ লুক। শাড়ির জমিতে ছড়ানো নরম গোল্ডেন মোটিফ এবং পাড়ের নিখুঁত বর্ডার ড্রেপটিকে এক অপূর্ব মাত্রা দিয়েছে। হালকা গোলাপি বা ব্লাশ-টোনের ফ্লোরাল ট্রিম পুরো সেটের আইভরি ও সোনা রঙের বৈচিত্র্যে এনে দিয়েছে অদ্ভুত এক কন্ট্রাস্ট। শাড়ির মূল আকর্ষণ ছিল এর আঁচল বা পাল্লু। ব্লাউজ়ের ক্ষেত্রেও ভূমির পছন্দ ছিল নজরকাড়া ম্যাচিং আইভরি ব্লাউজে ছিল স্ক্যালপড বর্ডার ও সুন্দর নেকলাইন, যা শাড়ির সূক্ষ্ম কাজ দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে।