সিপিএমের বুকস্টলের পোস্টার এবং ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হলো উত্তর ২৪ পরগনার অশোকনগর।
Published on
:
1 min read
নবমীর সন্ধ্যায় সিপিএমের বুকস্টলের পোস্টার এবং ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হলো উত্তর ২৪ পরগনার অশোকনগর। সংঘর্ষে জড়াল শাসকদল বিজেপি এবং সিপিএম। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও।
শেরপুর-কালীবাড়ি মোড় এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের বিবাদ সামাল দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন অশোকনগর থানার এসআই আশিস রায়। তাঁর মুখ ফেটে গিয়েছে বলে অভিযোগ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্বজিৎ নাগ (৪৫) নামে স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। তাঁর বাড়ি অশোকনগরের ৫ নম্বর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে এক দল যুবক সিপিএমের বুক স্টলের পোস্টার, ফ্লেক্স ও বিজ্ঞাপনী সামগ্রী ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। খবর পেয়ে সিপিএমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে আরও কারা জড়িত, তা দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
সিপিএম নেতা তথা অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, ‘বই মানুষকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে শেখায়। বই মানুষের চোখ মেলে দেয়। সাদাকে সাদা, কালোকে কালো চিনতে শেখায়। কিন্তু কিছু লোক বইয়ের স্টল ভেঙে চলেছে। যদি মতাদর্শগত বিরোধ থাকে, তা হলে পাল্টা বইয়ের স্টল দিক না। যারা বইয়ের স্টলে হামলা চালাচ্ছে, তারা আসলে জ্ঞানচর্চার বিরোধী।’ পাল্টা বিজেপির স্থানীয় এক নেতার দাবি, ‘এই ঘটনায় আমাদের কেউ জড়িত নন।’
