মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগরে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের সোহাগ (২০) ও আলাল মিয়া (২২)। সোহাগের বাবার নাম মজিদ এবং আলাল মিয়ার বাবার নাম আবদুর রশিদ।
মধ্যনগর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুই যুবককে তল্লাশি করে সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুনঃ
