সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান।
সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
আহমেদ শরীফ চৌধুরী বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদসহ হারামাইন শরিফাইনের নিরাপত্তা এমন বিষয়, যা নিয়ে কোনো আলোচনা বা আপসের সুযোগ নেই। পাকিস্তানের কাছে এসব বিষয় অবিসংবাদিত।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন আইএসপিআর মহাপরিচালক। তিনি জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে। সৌদি আরবকে ইতিমধ্যে প্রয়োজনীয় সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে জানিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, দেশটির সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এসেছে কি না, তা তাঁর জানা নেই। তবে এ ধরনের অনুরোধ পাওয়া গেলে তা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
