Published on
:
2 min read
উৎসবের মরশুম শেষ হলেই SIR বিরোধী আন্দোলন নিয়ে ফের কোমর বেঁধে নামতে চলেছে বিরোধীরা। বৃহস্পতিবারই বৈঠকে বসছে ইন্ডি জোটের সদস্যরা। এর মাঝেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রক্ষা করতেই এই আন্দোলন করছে বিরোধীরা। শাহের দাবি, ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে আসলে নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চাইছে কংগ্রেস।
এক নজরে
দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন নিয়ে সরব অমিত শাহ।
রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ভোট রক্ষার অভিযোগ বিজেপির।
ভোটার তালিকা সংশোধনের পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
SIR-এর স্বচ্ছতা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।
SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গত ১২ অক্টোবর ‘চলো দিল্লি— মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নেন INDIA-র একাধিক নেতা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
তবে শাহের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব রয়েছে দেশের সংবিধান নির্বাচন কমিশনের উপরে। সেই দায়িত্ব পালনের জন্য ভোটার তালিকা নির্ভুল রাখা প্রয়োজন। তাঁর যুক্তি, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব এবং নির্ধারিত বয়সের মতো আইনি শর্ত পূরণ করা প্রয়োজন। সেই নিয়ম মেনেই কাজ করছে কমিশন।
বিরোধীদের নিশানা করে শাহের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি, কারণ এই প্রক্রিয়ায় তাদের সমর্থক হিসেবে বিবেচিত কিছু ভোটারের নাম বাদ পড়তে পারে। অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রক্ষার চেষ্টা বলেই বিরোধীদের আন্দোলনকে ব্যাখ্যা করেছেন শাহ। তাঁর বক্তব্য, ‘কংগ্রেস ও তাদের বন্ধুরা বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলে, অথচ তারা নিজেরাই বহু রাজ্যে কয়েক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে। আমি যখন বলি যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন তারা আমাদের ভোট চুরির দায়ে অভিযুক্ত করে। তারা প্রশ্ন তোলে, অমিত শাহ কী ভাবে নির্বাচনের ফলাফল আগে থেকেই জেনে যান?’
শাহের সংযোজন, ‘আদালতের রায় আপনার পক্ষে গেলে আপনি সেই গুলোকে ন্যায়সঙ্গত বলেন। কিন্তু যখন সেগুলো আপনার বিপক্ষে যায়, তখন আপনি তা নিয়ে প্রশ্ন তোলেন। এই দ্বিমুখী নীতি চলবে না, রাহুলজি। রাজনৈতিক কৌশল আর জনসমষ্টির চাপের মাধ্যমে আপনি জনগণের রায়কে উল্টে দিতে পারেন না। নির্বাচন জেতা মানেই বিক্ষোভ প্রদর্শন বা অবস্থান কর্মসূচি পালন করা নয়।’ এই বিষয় ধরনের প্রতিবাদ করে কংগ্রেস আদৌ ক্ষমতায় আসতে পারবে না বলে দাবি করেন তিনি।
FAQ
১. রাহুল গান্ধীকে কেন আক্রমণ করেছেন অমিত শাহ?
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন এবং SIR-এর বিরোধিতাকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন অমিত শাহ। তাঁর অভিযোগ, বিরোধীরা অনুপ্রবেশকারীদের ভোটাধিকার রক্ষা করতে চাইছে।
২. SIR কী?
SIR-এর পুরো নাম Special Intensive Revision। এটি নির্বাচন কমিশনের পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া।
৩. SIR নিয়ে বিরোধীদের আপত্তি কী?
বিরোধীরা ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি, স্বচ্ছতা এবং ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তুলছে।
৪. বিরোধীরা কেন মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে?
নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলে বিরোধী দলগুলি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে।
৫. SIR বিতর্কে বিজেপি ও কংগ্রেসের অবস্থান কী?
বিজেপির বক্তব্য, নির্ভুল ভোটার তালিকা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি। অন্যদিকে, বিরোধীদের দাবি, সংশোধনের নামে কোনও যোগ্য ভোটারের ভোটাধিকার যেন ক্ষুণ্ণ না হয় এবং নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
