ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠিতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর তীরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবিকা সুরক্ষায় মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তারা প্রজনন মৌসুমে নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করা হয়।
আরও পড়ুন
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সুগন্ধা ও বিষখালী নদীসহ দেশের নির্ধারিত নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঝালকাঠির চার উপজেলায় প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সহায়তায় সরকারিভাবে প্রতি পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
মো. নেয়ামুল/এএফ
