দীর্ঘ তিন বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পেলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর মাধ্যমে দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অফিশিয়াল অনুমতি পেলেন তিনি।
শনিবার (অক্টোবর ১৭) যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি জমকালো অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিনেত্রী নিজেই এই সুখবরের কথা ভক্তদের জানান।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই মেয়ে ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের চিকিৎসার সার্বিক দেখভাল করছিলেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে তাকে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সময় পার করতে হয়েছে। অবশেষে সেই ‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত এই তারকা।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, গ্রিন কার্ড পাওয়ার ফলে স্থায়ীবাসিন্দা হিসেবে সেখানে থাকা, কাজ করা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ হলো। নির্দিষ্ট মেয়াদে সব শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তীতে তিনি মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, দীর্ঘ উজ্জ্বল অভিনয়জীবনে অসংখ্য কালজয়ী ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন মৌসুমী। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। বিনোদন জগৎ থেকে সামান্য দূরত্বে থাকলেও এই জনপ্রিয় অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ের খবরটি তার অসংখ্য ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আনন্দ ছড়াচ্ছে।
