আফ্রিকা থেকে ইয়েমেন যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংস্থাটির বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৮ থেকে ৯ অক্টোবর রাতে ৩০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতির ওবক শহরের উত্তরে উল্টে যায়। যাত্রীদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। নৌকাডুবির ঘটনায় বেঁচে ফিরেছেন ৮২ জন।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়িসাক জানান, বেঁচে যাওয়া যাত্রীরা তাঁকে বলেছেন, নৌকায় ওঠার পরপরই সেটি পেছনের দিকে ডুবতে শুরু করে। দুর্ঘটনার পর জিবুতির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ওবকের একটি অভিবাসী কেন্দ্রে ৬৪ জনকে সহায়তা দেওয়া হচ্ছে।
আইওএমের তথ্য অনুযায়ী, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহু মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় বাধ্য হচ্ছেন। তাঁদের অনেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন। তবে ইয়েমেনের সংঘাত পরিস্থিতিও তাঁদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
সংস্থাটি জানায়, ২০২৫ সালে এই সমুদ্রপথে ৯০০ জনের বেশি অভিবাসী মারা যান অথবা নিখোঁজ হন। আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ নিরাপদ ও বৈধ অভিবাসনপথ নিশ্চিত করতে সরকার ও দাতাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিখোঁজদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: আইওএম, এএফপি
