বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনীর জীবনে একসময় এমন এক মুহূর্ত এসেছিল যখন তাঁকে অত্যন্ত অপমানজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল। কেরিয়ারের শুরুর দিনগুলিতে এক দক্ষিণী পরিচালকের ছবিতে কাজ হারিয়ে অপমানিত হন তিনি। তবে সেই ধাক্কা কাটিয়ে রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন।
১৬ বছর বয়সেই হেমা মালিনীর কাছে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। সেই সময় দক্ষিণী পরিচালক সি শ্রীধর তাঁকে লঞ্চ করার সিদ্ধান্ত নেন এবং তাঁর নাম বদলে 'সুজাতা' রাখতে চান। একটি ফটোশুটের সময় তাঁকে শাড়ি পরানো হয়, যেখানে হেমার নিজের মতে তাঁকে নাকি অত্যন্ত রোগা ও দেখতে খারাপ লাগছিল। এর পরপরই তাঁকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয় এবং শ্রীধর প্রকাশ্যে মন্তব্য করেন যে হেমা কখনও তারকা হতে পারবেন না। এই ঘটনাটিতে হেমা চরম অপমানিত বোধ করেন।
তবে এই হতাশাজনক ঘটনার পরেই হেমার ভাগ্যের চাকা ঘুরে যায়। প্রযোজক বি অনন্তস্বামীর একটি ছবির জন্য আরকে স্টুডিওতে স্ক্রিন টেস্ট দিতে যান তিনি। সেখানে কিংবদন্তি অভিনেতা-পরিচালক রাজ কাপুরের সামনে কিছু দৃশ্যে অভিনয় করেন হেমা। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে রাজ কাপুর ঘোষণা করেন, "এই মেয়েটি ভারতীয় সিনেমার পরবর্তী সুপারস্টার হবে।"
https://www.youtube.com/watch?v=BZLuOUsuePM
এই প্রশংসাই হেমার মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং তিনি রাজ কাপুরের বিপরীতে 'স্বপ্ন কা সওদাগর' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ১৬ বছর বয়সী হেমা এবং ৪৪ বছর বয়সী রাজ কাপুরের রোমান্টিক জুটির এই ছবি মুক্তির আগেই পোস্টারের প্রচার কৌশল বেশ সাড়া ফেলেছিল। সেখান থেকেই তিনি 'ড্রিম গার্ল' তকমা পান এবং বলিউডের অন্যতম সফল তারকা হিসাবে নিজের পথ চলা শুরু করেন।
