বলিউডের স্বর্ণযুগের তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। অভিনেতা, রাজনীতিবিদ রাজ বব্বরের ব্যক্তিগত জীবনও বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী। তাঁর প্রথম স্ত্রী নাদিরা জাহিরের সঙ্গে বিবাহিত থাকা সত্ত্বেও তিনি প্রেমে পড়েন অভিনেত্রী স্মিতা পাটিলের। সমাজকে উপেক্ষা করে স্মিতাকে বিয়েও করেছিলেন রাজ। কিন্তু ১৯৮৬ সালে ছেলে প্রতীকের জন্মের সময় মাত্র ৩১ বছর বয়সে মারা যান স্মিতা পাটিল।
স্ত্রীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাজ বব্বর। সেই কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন সেকালের জনপ্রিয় অভিনেত্রী রেখা। পরবর্তীকালে এক পুরনো সাক্ষাৎকারে রেখার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন রাজ।
সে সময়কার এক সাক্ষাৎকারে রাজ জানান, পরিস্থিতির শিকার কারণে তাঁরা একে অপরের কাছাকাছি এসেছিলেন। সেই সময়ে রেখাও একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাই ছিলেন। রেখার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর ছিল, সে বিষয়ে বলতে গিয়ে রাজ স্পষ্ট জানান, স্মিতা পাটিলের সঙ্গে তাঁর যে প্রেম ছিল, রেখার সঙ্গে সেটা ছিল না। তবে তিনি এও স্বীকার করেন যে, তাঁরা কেবল ‘সাধারণ বন্ধু’ও ছিলেন না। রেখার সঙ্গে এই সম্পর্ক তাঁর জীবনে এক নতুন মোড় এনে দিয়েছিল এবং তাঁকে সাময়িক সান্ত্বনা জুগিয়েছিল।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
যদিও রেখা এই সম্পর্কের বিষয়ে কখনওই প্রকাশ্যে কিছু বলেননি, তবে রাজের এই সাক্ষাৎকারটি তখন বলিপাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছিল।
