নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় গেদি বেগম (৫৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে গেদি বেগম অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাট বোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ করে এবং দুর্ঘটনা কবলিত পাটবোঝাই ট্রাকটি চালকসহ জব্দ করে।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ‘এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
