লক্ষ্মীপুর: শিক্ষার সঙ্গে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে কেবল সনদনির্ভর শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; শিক্ষা মানুষের চিন্তা শক্তি বাড়ায়। শিক্ষা সত্য-মিথ্যা, তথ্যের সঠিক প্রচার এবং পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষা মানবকল্যাণে কীভাবে ব্যবহার করবেন, তা আপনার চিন্তা থেকেই আসে। শুধু পড়াশোনা শেষ করে একটি চাকরি নিয়ে কাজ শেষ করাই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা অত্যন্ত জরুরি। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ‘ট্রু এডুকেশন’ বা প্রকৃত শিক্ষা। আমরা যদি সেদিকে যথাযথ নজর না দিই, তবে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘তরুণদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং সমাজ ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা যদি সহশিক্ষা কার্যক্রম (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) ও ক্রীড়াঙ্গনের ওপর জোর না দিই, তবে এই শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজকে সুদৃঢ় করতে হলে নৈতিকতা বজায় রাখা, সমাজে ইতিবাচক অবদান রাখা এবং নিজেকে সেভাবে গড়ে তোলার ওপর নজর দিতে হবে। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে নিজেকে বিকশিত করার অনেক সুযোগ তৈরি হয়েছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রসঙ্গ টেনে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমাদের সময়ে হাতে-কলমে শিক্ষায় বেশি নজর দিতে হতো। তবে এটি এআই-এর যুগ। আমাদের সময় ইলেকট্রনিক মিডিয়া কিংবা স্মার্টফোন ছিল না। আপনি এআই-কে কীভাবে কাজে লাগাবেন, তা নির্ভর করবে আপনার নিজস্ব দক্ষতা ও উদ্দেশ্যের ওপর। এআই প্রযুক্তির মাধ্যমে আপনি এখন শিক্ষকের সহায়তা নিতে পারবেন। আমাদের সময়ে যেখানে প্রাইভেট পড়তে হতো বা কোচিংয়ে যেতে হতো, এখন ইচ্ছা করলে ঘরে বসেই সে সুবিধাগুলো পাওয়া সম্ভব। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আপনাদের জন্য অনেক সুযোগ সৃষ্টি হয়েছে; এআই-এর সঠিক ব্যবহারে লক্ষ্য অর্জনে পৌঁছানো এখন অনেকটাই সহজ।’
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিসহ অন্যান্যরা।
