অনলাইন ডেস্ক
কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে আকস্মিক মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ছাত্রলীগের ব্যানারে কয়েকশ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হয়।
মামলার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লা-৬ (সদর দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমি।
পুলিশ সূত্র জানায়, অভিযানে আটক ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, মিছিলটি সংগঠিত করতে অর্থায়ন ও নির্দেশনা দিয়েছেন এহতেশামুল হক ভূঁইয়া রুমি। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর কুমিল্লা জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বেশ কয়েকটি ঝটিকা কর্মসূচির পেছনেও তার ভূমিকা ছিল।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
