আজ মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। আগামীকাল,শনিবার সপ্তমী,রবিবার অধিক সপ্তমী,সোমবার অষ্টমী,মঙ্গলবার নবমী ও বুধবার বিজয়া দশমী পূজা শেষে বিসর্জর্নের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসবের।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহাপঞ্চমীতে বোধনের মধ্য দিয়ে দেবীকে জাগ্রত করে আহ্বান করা হয়েছে। বোধনে খুলে যায় দেবী দুর্গার আয়ত চোখের পলক। আজ সন্ধ্যায় ষষ্ঠীর পূজার মাধ্যমে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজামণ্ডপে দেবীর অধিষ্ঠান দেয়া হবে। এছাড়াও মণ্ডপে মণ্ডপে রয়েছৈ বিভিন্ন ধর্মীয় আয়োজন।
সাধারণত আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠ দিন, অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত পাঁচদিনের অনুষ্ঠান হলেও শুভ মহালয়া থেকেই প্রকৃত উৎসবের সূচনা হয়। কোজাগরী লক্ষ্মী পূজায় হয় সমাপ্তি। গত ১০ অক্টোবার শুভ মহালয়া থেকেই পূজার ক্ষণগণনা শুরু হয়।
এদিকে আগামীকাল, শনিবার সপ্তমী পূজা। সকাল ১০টার মধ্যে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তদের দেয়া হবে অঞ্জলী। বিভিন্ন পূজামণ্ডপে বিতরণ করা হবে মহাপ্রসাদ। এছাড়া সন্ধ্যায় ও রাতে আরতিসহ রয়েছে নানা আয়োজন।
এবার দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে। ফিরবেন নৌকায়। এবার আসা-যাওয়ায় শুভ-অশুভ দুটোরই ইঙ্গিত রয়েছে।
অপরদিকে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
এছাড়া শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিএনপি চট্টগ্রাম মহানগরের প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বলে জানা গেছে।
জেলা ও মহানগর পূজা উদযাপনের পরিষদ সূত্রে জানা গেছে, এবার নগরে ২৯৪ টি ও জেলায় ২২৭০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অর্পণ কান্তি ব্যানার্জী বলেন, গতকাল (বৃহস্পতিবার) মহাপঞ্চমীতে দেবীর দুর্গার বরণ ও চণ্ডীপাঠের আয়োজন ছিল। আজ ষষ্ঠীতে রয়েছে বিকেল সাড়ে ৩টায় সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, সন্ধ্যা ৬টায় প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন করবেন বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ এবং প্রধান অতিথি থাকবেন সহকারী হাই কমিশনার হরিশ কুমার। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পর্যন্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এছাড়া নগরীর অন্যান্য পূজামণ্ডপগুলোতেও পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণসহ রয়েছে বিভিন্ন কর্মসূচি।
সুপ্রভাত/আরবি
The post পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
