‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ডবিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক সচেতনতা ও সময়োপযোগী প্রস্তুতির বিকল্প নেই। প্রতিটি পরিবার থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ড প্রতিরোধ, আত্মরক্ষা এবং জরুরি উদ্ধারকাজের কৌশল নিয়ে একটি বিশেষ প্রদর্শনী ও মহড়া অনুষ্ঠিত হয়।
জেএইচআর
