
কালকিনিতে জমি নিয়ে বিরোধ, হামলা-ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রেজাউল করিম নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় সাইদুল হাওলাদার নামে একজন আহত হয়েছে।
এঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ রেজাউল করিমের বসত বাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার সাইদুল খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার গভীর রাতে সাইদুল খানের নেতৃত্বে চুন্নু ফকিরসহ বেশ কয়েকজন মিলে রেজাউল করিমের মুদির দোকানে হামলা চালিয়ে ভাংচুর চালায়।
এসময় তাদের বাধা দিলে রেজাউল করিমের পরিবারের সদস্য সাইদুল হাওলাদার গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রেজাউলের পরিবার।
এ সময় ভুক্তভোগী রেজাউল করিম বলেন, সাইদুল খান, শহিদ খান ও চুন্নু ফকিরসহ তাদের দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর চালায় এবং তারা লুটপাট করে আমার দোকানে। তাদের বাধা দিলে আমার আত্মীয়কে কুপিয়ে আহত করা হয়।
এ ছাড়া হামলাকারীরা আমার কাছে ২০লাখ টাকা চাদা দাবি করে আসছে। আমি প্রশাসনের কাছে এবং এমপির কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই।
তবে অভিযুক্ত সাইদুল খান ঘটনা অস্বীকার করে জানান, আমরা হামলার বিষয় কিছু জানিনা। আর শহীদ খানসহ কেউ আমরা ঘটনাস্থলে ছিলাম না।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, ওই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
