Published on
:
2 min read
শিলং মানেই পাহাড়, মেঘ আর সবুজের হাতছানি। মেঘালয় বেড়াতে গেলে শিলংকে উপেক্ষা করার জায়গা নেই। কিন্তু ‘শেষের কবিতা’য় আটকে থাকলে চলবে না। শিলং হলো জলপ্রপাতের শহর। শিলং গেলে ঘুরে দেখা চাই এলিফ্যান্ট, বিশপ, নোহকালিকাই, সেভেন সিস্টার্স এবং ওয়েই সাওডংয়ের মতো একাধিক জলপ্রপাত। তবে এর মধ্যেও এমন এক ওয়াটারফলস রয়েছে, যার খোঁজ অনেকেই জানেন না। অথচ তার সৌন্দর্য চোখ জুড়ানো।
পুজোয় শিলং বেড়াতে গেলে ঢুঁ মারতে পারেন ক্রাংশুরি জলপ্রপাতে। ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ের বুক চিরে নেমে আসছে জলের ধারা। স্থানীয় ভাষায় ‘ক্রাং’ শব্দের অর্থ ‘গুহা’ এবং ‘শুরি’ শব্দের অর্থ ‘অস্ত্র’। একটি গুহাকে পর্দার মতো আড়াল করে রেখেছে এই জলপ্রপাত। শোনা যায়, এই গুহা ছিল এক সময়ে সেখানকার রাজার গোপন অস্ত্রাগার। আর সেখান থেকেই ঝর্নার নাম হয়েছে ‘ক্রাংশুরি’।
জঙ্গলের নির্জনতার মাঝে পাখিদের কলতান আর ঝর্নার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। আর নীল-সবুজ জলের ধারে বসে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। তা ছাড়া অক্টোবর থেকে মে মাস হলো ক্রাংশুরি জলপ্রপাত ঘুরে দেখার সেরা সময়। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে। আর জলপ্রপাতের নীল-সবুজ স্বচ্ছ জল আরও সুন্দর দেখায়।
ক্রাংশুরি জলপ্রপাতছবি: সংগৃহীত
মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলায় অবস্থিত ক্রাংশুরি জলপ্রপাত। শিলং থেকে দূরত্ব প্রায় ৯১ কিলোমিটার। জোয়াই থেকে দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। শিলং থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারেন ক্রাংশুরি। চারপাশের ঘন সবুজ অরণ্য আর পাথুরে পথ পেরিয়ে পৌঁছতে হয় জলপ্রপাতের কাছে। সেই অভিজ্ঞতাও কম রোমাঞ্চকর নয়।
উপর থেকে জলপ্রপাতের অপূর্ব রূপ দেখতে পাবেন। যেখানে ভিউ পয়েন্ট করা আছে ক্রাংশুরির সৌন্দর্য দেখার জন্য। আর নীচে নেমে স্বচ্ছ জলে পা ডোবানোর সুযোগও রয়েছে। সিঁড়ি বেয়ে, পাথুরে পথ পেরিয়ে নীচে নামতে হয়। তবে ক্রাংশুরি জলপ্রপাত দেখতে হলে টিকিট কাটতে হবে।
এ ছাড়া ক্রাংশুরিতে কায়াকিং করার সুবিধাও রয়েছে। মাথাপিছু ২০০ টাকা দিয়ে ক্রাংশুরিতে কায়াকিং করতে পারেন। সেই অভিজ্ঞতাও কোনও অংশে কম নয়। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্নার নীল-সবুজ জল, পাখিদের কলতান— এই সব নিয়েই ক্রাংশুরি।
FAQ
১. ক্রাংশুরি জলপ্রপাত কোথায় অবস্থিত?
মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলায় অবস্থিত ক্রাংশুরি জলপ্রপাত।
২. শিলং থেকে ক্রাংশুরি জলপ্রপাত কত দূরে?
শিলং থেকে ক্রাংশুরি জলপ্রপাতের দূরত্ব প্রায় ৯১ কিলোমিটার।
৩. ক্রাংশুরি জলপ্রপাত বেড়াতে যাওয়ার সেরা সময় কোনটি?
অক্টোবর থেকে মে মাস ক্রাংশুরি জলপ্রপাত ঘুরে দেখার সেরা সময়।
৪. ক্রাংশুরি জলপ্রপাতে কী কী করা যায়?
ভিউ পয়েন্ট থেকে জলপ্রপাত দেখা, নীচে নেমে জলে পা ডোবানো এবং কায়াকিং করা যায়।
৫. ক্রাংশুরি জলপ্রপাত দেখতে কি টিকিট লাগে?
হ্যাঁ, ক্রাংশুরি জলপ্রপাত দেখতে প্রবেশমূল্য দিতে হয়।
