কালবেলা · সাধারণ
যতদিন বেঁচে আছি, হিন্দু ভাইবোনেরা বুক উঁচু করে চলবেন: হুইপ দুলু
১৫/১০/২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বেঁচে আছি, হিন্দু ভাইবোনরা বুক উঁচু করে চলবেন। কেউ বাঁকা চোখে তাকালে কিংবা হুমকি-ধমকি দিলে আমাকে টেলিফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মন্দিরগুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি, আমার হিন্দু ভাইবোনরা বুক উঁচু করে চলবেন। কেউ বাঁকা চোখে তাকালে কিংবা হুমকি-ধমকি দিলে আমাকে টেলিফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। হিন্দু-মুসলমানের মধ্যে অতীতে কোনো বিভেদ বা বৈষম্য ছিল না। ঈদ ও পূজা ছিল সবার সম্মিলিত উৎসব। একে অপরের বাড়িতে যাওয়া-আসা এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি বজায় থাকত। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।
হুইপ জানান, নাটোর ও নলডাঙ্গা তার নির্বাচনী এলাকা। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে বিষয়ে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে সরকারি অনুদানের চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।
মূল প্রতিবেদনে যান ↗