নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ২:১২ অপরাহ্ন
সিলেট নগরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (১১ অক্টোবর) রাত আটটার দিকে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তার সঙ্গীরা হৃদয়কে হত্যা করেছেন।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে বলেন, আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এদিকে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির। তিনি বলেন, আমরা অভিযান চালাচ্ছি দ্রুতই আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
গুগলে আমাদের খবর পেতে
