রাজধানীর সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানপাট বসালে আর কোনো ধরনের অনুরোধ নয়, বরং সরাসরি মামলা দায়ের এবং মালামাল ক্রোক করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
শনিবার করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে আয়োজিত বিশেষ 'ক্লিনিং ডে' উপলক্ষে মালিবাগ এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ সতর্কবার্তা দেন।
ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, নগরীর যানজট বৃদ্ধি, যত্রতত্র বর্জ্য ফেলা এবং পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য মূলত অবৈধ হকার ও ভাসমান দোকানগুলোই দায়ী। ঢাকাবাসীকে এই চরম ভোগান্তি থেকে মুক্তি দিতে মানবিকতার অজুহাতে রাস্তা বা ফুটপাত দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। করপোরেশনের নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে দোকান বসালেই তাৎক্ষণিক মালামাল বাজেয়াপ্ত ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখা প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই সেখানে পুনরায় সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং কোনো অবস্থাতেই সড়ক দখল করে হকার বসতে দেওয়া হবে না।
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নাগরিক পরিবেশের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এডিস মশার বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই এবং কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। বায়ুদূষণ ও যানজট কমাতে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক র্যালি ও প্রচার কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি (এসটিএস) সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন এসটিএস নির্মাণের কাজ চলতি মাসের মধ্যেই শেষ হবে।
'ক্লিনিং ডে' উপলক্ষে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সম্মুখভাগ থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুল এলাকায় গিয়ে সমাপ্ত হয়। পুরো যাত্রাপথে সড়ক থেকে বর্জ্য অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রশাসক।
