ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও এখনো শেষ হয়নি শুটিং। বাকি রয়েছে আরও নয় দিনের কাজ। একাধিকবার শাকিব খানের শিডিউল নেওয়া হলেও নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে না পারায় প্রশ্ন উঠেছে নির্মাণপ্রক্রিয়া নিয়ে। সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে সংশয় বাড়ছে।
গত বছরের অক্টোবরে ‘সোলজার’র শুটিং শুরু হয়। সে সময় সিনেমাটির একটি ঝলক প্রকাশ করে ডিসেম্বরে মুক্তির প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়েছিল। পরে মুক্তির সময় পিছিয়ে চলতি বছরের ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ শেষ হয়নি। শাকিব খান ডাবিংয়ের বড় একটি অংশ শেষ করলেও বাকি শুটিং নিয়ে জটিলতা কাটছে না।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, কয়েক দফায় শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হলেও শেষ পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার কাজে ব্যস্ত ছিলেন শাকিব। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’র শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
পরে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা। প্রায় দুই মাস সেখানে কাটিয়ে গত আগস্টে দেশে ফেরার পর ‘সোলজার’র বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা ছিল। তবে সে সময়ও কাজ শুরু করা সম্ভব হয়নি। বারবার শিডিউল নেওয়ার পরও শুটিং না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শাকিব খানের ম্যানেজার মনির জামান।
গণমাধ্যমে তিনি বলেন, ‘গত কয়েক বছরে শাকিবের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়েকবার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।'
এদিকে শুটিং পিছিয়ে যাওয়ার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানীর বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ অভিযোগ নাকচ করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী-কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
মৌমিতা হোসাইনের ভাষ্য, শুটিং শেষ করে নতুন টিজারের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে বাকি কাজ কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি।
দেশপ্রেম, সমসাময়িক সমাজবাস্তবতা ও সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনায় রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।
