লোহাগাড়ার চুনতি ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। ছেলের বিয়ে ও পূত্রবধূকে বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত বলে জানিয়েছেন জামাল উদ্দিন। শুক্রবার রাতে নারিশ্চা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামাল ওই এলাকার মৃত পেঠানের ছেলে। জামাল উদ্দিনের অভিযোগ, তাকে না জানিয়ে ছেলে বিয়ে করে সামাজিক অনুষ্ঠানের তোয়াক্কা না করে পুত্রবধূকে বাড়িতে নিয়ে এসেছেন। এ নিয়ে আপত্তি জানিয়ে তিনি ছেলেকে আলাদাভাবে থাকার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে ও স্ত্রী তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন জামাল। স্থানীয়রা আহত জামাল উদ্দিনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।