- আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:০৬:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:০৬:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্র্টার :: সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডির সহযোগিতায় সৃষ্টি যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার দিবস দুটি উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামে আয়োজিত আলোচনা সভায় সৃষ্টি যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তৃষ্ণা আক্তার রোশনরার সভাপতিত্বে ও খালেদা আক্তার কল্পনার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, জেলা কৃষক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম পলাশ, সার্জেন্ট (অব.) মো. বাহা উদ্দিন, ফাতেমা আক্তার, সাবিয়া বেগম। সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়। গ্রামীণ অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবার পরিচালনায় নারীদের অসামান্য অবদান ও ত্যাগের স্বীকৃতি দিতেই এ দিবস পালনের গুরুত্ব অপরিসীম। কৃষিকাজ থেকে শুরু করে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাদের এই অবদান অনেক ক্ষেত্রেই যথাযথ স্বীকৃতি পায় না। বক্তারা আরও বলেন, বিশ্ব খাদ্য দিবসের প্রাক্কালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের অবদানকে সামনে নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কৃষি ও খাদ্য উৎপাদনে নারীদের শ্রমের যথাযথ মূল্যায়ন, তাদের অধিকার নিশ্চিত করা এবং কৃষিক্ষেত্রে নারীবান্ধব সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। এ সময় বক্তারা কৃষি ও খাদ্য উৎপাদনে নারীদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। সভায় বক্তব্য দেন জাহেদা আক্তার, হারুজা বেগম, ললিতা আক্তার, রহিমা বেগম, তাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আলী মিয়া, আশরাফুল আলম ও বোরহান উদ্দিন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ