আজকাল ওয়েবডেস্ক: ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের স্মৃতিতে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে হাজির মুখ্যমন্ত্রী। সোমবার কাঁকুড়গাছিতে এই পুজোয় এসে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের স্ত্রী রানি-কে নিজের অ্যাটেনড্যান্ট হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনই দাবি বিশ্বজিতের। তিনি জানিয়েছেন, পুরো বিষয় বিজেপি নেতার সায়ন্তন বসুকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে খুশি বিশ্বজিৎ সরকার। তাঁর কথায়, "ভাই অভিজিৎ সরকারের মৃত্যুর পর থেকে যে লড়াই আমি চালিয়ে গিয়েছি, সেই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন অনেকেই পুজোয় আমন্ত্রণ করছে কিন্তু আপনারা আগেও আমন্ত্রণ জানিয়েছেন।"
স্ত্রীকে চাকরির আশ্বাস প্রসঙ্গে বিশ্বজিতের দাবি, পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী আমার স্ত্রী রানি সরকারকে নিজের অ্যাটেনড্যান্ট হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন।
অভিজিৎ সরকারের হত্যাকারীদের শাস্তি নিয়েও মন্তব্য করেছেন দাদা বিশ্বজিৎ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী আসার পরেই অভিজিৎ সরকারের খুনিরা শাস্তি পেয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে দুর্গাপুজো শুরু করেছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিহত হন তিনি। তাঁর স্মৃতিতে, প্রতি বছর পুজোর আয়োজন করেন দাদা বিশ্বজিৎ সরকার। এই পুজোয় অভিজিৎ-সহ ভোট-পরবর্তী হিংসায় নিহতদের স্মরণ করা হয়। এবারও সেই পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণ হল বিশ্বজিতের স্ত্রী-কে মুখ্যমন্ত্রীর চাকরির আশ্বাস।
