মিঠুন মিয়া, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালি বাজারসংলগ্ন ধানখেতের পাশে দীর্ঘদিন ধরে এক পরিচয়হীন বৃদ্ধ মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়দের কাছে তিনি ‘পাগল’ নামে পরিচিত হলেও আজ পর্যন্ত তার প্রকৃত নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো সন্ধান মেলেনি।
সরেজমিনে দেখা যায়, চেল্লাখালি বাজারের শেষ সীমানা সন্ন্যাসীভিটা এলাকায় ধানখেতের কিনারে বাঁশ ও পুরোনো চট দিয়ে তৈরি একটি জীর্ণ কুঁড়েঘরেই বসবাস করছেন ওই বৃদ্ধ। বসবাসের অনুপযোগী ওই ঘরেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত কাটান তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের বেলায় তাকে বাজারের চায়ের দোকান বা মনিহারি দোকানের সামনে চুপচাপ বসে থাকতে দেখা যায়। তিনি কখনো কারো কাছে খাবার বা সাহায্য চান না। কেউ স্বেচ্ছায় খাবার দিলে গ্রহণ করেন, না হলে অনেক সময় না খেয়েই থাকেন। ধূমপানই তার একমাত্র অভ্যাস।
বাজারের একাধিক দোকানি বলেন, ওই ব্যক্তি কারো সঙ্গে কথা বলেন না, নিজের মনেই বিড়বিড় করেন। জোর করে কিছু নেন না, আবার কারো সঙ্গে বিরোধেও জড়ান না।
গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, বহু বছর ধরে তিনি একইভাবে ওই এলাকায় অবস্থান করছেন। কোথা থেকে এসেছেন বা তার পরিবার কোথায়—এ বিষয়ে কেউই কিছু জানেন না। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সরকারি বা বেসরকারি কোনো পুনর্বাসন কার্যক্রম চোখে পড়েনি।
নিভৃতচারী এই নামহীন মানুষটি এখন চেল্লাখালি বাজার এলাকার নীরব বাস্তবতায় পরিণত হয়েছেন। স্থানীয় সচেতন মহল তার পরিচয় শনাক্ত করে যথাযথ চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
