২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চারটি নতুন পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এক সভায় চতুর্থ শ্রেণির দুটি বই অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার।
এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক সভায় ষষ্ঠ শ্রেণির দুটি বই অনুমোদন দেওয়া হয়। ওই সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন ছিলেন বিশেষ অতিথি।
দুই সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এমএম/
