গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় রেললাইনের পাশে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে পূবাইলের হায়দরাবাদ এলাকার মাওরারটেকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আসমা আক্তার নওগাঁর মান্দা থানার মৌনম এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকায় ভাড়াবাসায় থেকে মাদরাসায় পড়াশোনা করতেন। অভিযুক্ত রফিকুল ইসলাম নওগাঁর মান্দা থানার ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে আসমা আক্তার স্বামী রফিকুল ইসলামকে তালাক দেন। এর তিনদিন আগে রফিকুল লোকজন নিয়ে আসমাকে নিতে যান। তবে আসমা তার সঙ্গে না গিয়ে বাবা-মায়ের সঙ্গে থেকে যান।
বিজ্ঞাপন
রোববার দুপুরে মোবাইল ফোনে আসমাকে হায়দরাবাদ রেললাইন এলাকায় দেখা করতে বলেন রফিকুল। পরে আসমা সেখানে গেলে রফিকুল ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্থানীয়রা রফিকুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় চার বছর আগে রফিকুল ও আসমার বিয়ে হয়। রফিকুল প্রবাসে থাকাকালে স্ত্রীকে টাকা পাঠাতেন। গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার পর প্রবাসে উপার্জিত টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
রফিকুলের দাবি, বিদেশে উপার্জন করে তিনি স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছেন। তবে আসমা তার সঙ্গে সংসার করতে চাইছিলেন না এবং টাকাও ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে রফিকুল পুলিশকে জানিয়েছেন।
বিজ্ঞাপন
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, স্থানীয়রা রফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি রেললাইনের সীমানায় হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক স্বামীর হাতে আসমা খুন হয়েছেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিহাব খান/এমএএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
