লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চারটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত থেকে ২৫২ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াটারী সীমান্ত থেকে ১০০ পিস ইয়াবা, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস বাইসাইকেলের বিবি সেট এবং একই উপজেলার কুটি চন্দ্রখানা এলাকা থেকে আরও ১ হাজার ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন বিজিবি সদস্যরা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
