প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পিএম
নড়াইলের কালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন পরিবেশ সুরক্ষিত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক ছয় হাজার মিটার।
অভিযান শেষে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান , কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, এবং উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে অভিযানে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। অবৈধ কারেন্ট জালের ব্যবহার শুধু মা ইলিশের জন্যই নয়, নদীর অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।