দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র অমান্য ও অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন কমিটি ঘোষণার অভিযোগে গণঅধিকার পরিষদের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বহিষ্কৃত দুই নেতা হলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন রাঢ়ী ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গণঅধিকার পরিষদের জেলা দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম শিকদারের যৌথ সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সভাপতির অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া দলীয় শৃঙ্খলা, ঐক্য ও নীতিমালার পরিপন্থি। তাদের এমন কর্মকা-ে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলে দাবি করা হয়। এতে আরও বলা হয়, অভিযুক্ত দুই নেতাকে উপজেলা শাখার পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের ঘোষিত নিয়মবহির্ভূত সব ইউনিয়ন কমিটি বাতিল করা হয়। কারণ দর্শানোর নোটিশে তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কৃত সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার বলেন, ‘আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ষড়যন্ত্রমূলকভাবে এমনটা করা হয়েছে।’