৪ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৪ মিনিট আগে
স্পোর্টস ডেস্ক
দল ছাড়তে চেয়েছিলেন, সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দিতে। এমন ইচ্ছা প্রকাশের পর থেকেই অ্যাতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হুলিয়ান আলভারেজের। নিজেদের মাঠে খেলতে নেমেও শুনতে হয়েছে দুয়োধ্বনি। সেই আলভারেজই এবার গোল করে দলকে জেতালেন, আর ম্যাচ শেষে সমর্থকদের কাছে চাইলেন ক্ষমা।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়াকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। মেত্রোপলিতানোতে ম্যাচের একমাত্র গোলটি করেছেন আলভারেজ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্টে নামিয়ে এনেছে দিয়েগো সিমিওনের দল। রোববার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় আলভারেজের ক্ষমা চাওয়া। গত গ্রীষ্মে অ্যাতলেতিকো ছাড়ার চেষ্টা করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিশ্বকাপ চলাকালে বার্সেলোনায় খেলার স্বপ্নের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। কিন্তু তাকে ছাড়তে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। শেষ পর্যন্ত দলেই থেকে যান আলভারেজ, যদিও তার সঙ্গে সমর্থকদের সম্পর্ক আর আগের মতো থাকেনি।
নতুন মৌসুমের শুরুতে মাঠে নামলেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। পারফরম্যান্সেও ছিল না চেনা ধার। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে স্টুটগার্টের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে মৌসুমের প্রথম গোল পেয়েছিলেন আলভারেজ। এবার দেপোর্তিভোর বিপক্ষেও জয়সূচক গোল করে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন তিনি।
ম্যাচ শেষে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে আলভারেজ বলেন, ‘বিশ্বকাপের সময় আমি যা বলেছিলাম, সে জন্য আমাদের সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। কথাগুলো যেভাবে বলেছিলাম এবং যে সময়ে বলেছিলাম, দুটোই আমার ভুল ছিল। সবচেয়ে বড় কথা, সমর্থকদের ক্ষোভ আমি বুঝতে পারি।’
নিজেকে সমর্থকদের জায়গায় কল্পনা করে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি নিজেও একজন সমর্থক হলে রাগ করতাম। বিশেষ করে এত বছর ধরে তাঁরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন, সেটি বিবেচনায় নিলে তাদের ক্ষোভ খুবই স্বাভাবিক।’
তবে কঠিন সময়ে সমর্থকদের একটি অংশের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও ভুলে যাননি আলভারেজ, ‘সাম্প্রতিক সময়ে সমর্থকেরা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। সে জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এখন আমার কাজ হলো পরিশ্রম করা, নিজের পারফরম্যান্সের উন্নতি করা। এই সময়ে সতীর্থরাও আমাকে সমর্থন দিয়েছেন। তাদেরও ধন্যবাদ জানাতে চাই।’
৪৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর নিচু ক্রস থেকে কাছের পোস্টে বল জালে পাঠান আলভারেজ। তার গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। কিছুদিন আগেও যাকে দুয়োধ্বনি শুনতে হচ্ছিল, সেই আলভারেজের গোলের পর গ্যালারি থেকে ভেসে আসে করতালি।
এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৭ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১।
