ছবি: খবরের কাগজ
-->‘আমরা কোনো বিভাজন চাই না। দেশের মাটি রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।’ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার দুর্গাপূজার অনুদান বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পূজার জন্য বেশি অনুদান পাওয়া গেছে। বিএনপি সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং থাকবে।’
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি। আপনারা বিষয়গুলো হৃদয় দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন। কোন সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, তা মনে রাখতে হবে।’
৫ আগস্টের পরের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের দলের প্রত্যেক নেতা-কর্মী আপনাদের পাশে ছিল। তখন আপনাদের ছায়ার মতো আগলে রেখেছিলাম। বিপদে-আপদে যারা আপনাদের পাশে ছিল, তাদের মনে রাখতে হবে।’
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিএনপি সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি এলাকার উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও দলের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিকে বেছে নিতে হবে। কোনো সুবিধাভোগী বা দুর্নীতিবাজ ব্যক্তির প্রলোভনে না পড়ে নিজস্ব বিচার-বুদ্ধি দিয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচনের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। এমন একজনকে বেছে নেবেন, যিনি আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পারবেন এবং আপনাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন।’
এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপারসহ (এসপি) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আসাদ জামান/নাঈম
