চাঁদাবাজি, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘চাঁদাবাজ যদি আমার ছেলেও হয়, তাকেও আটক করুন।’
মঙ্গলবার (২০ অক্টোবর) ফেনীর দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমান, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান, সাবেক মেয়র আকবর হোসেন, এ এস এম নুর নবী দুলাল, ইসমাইল হোসেন, কাজী জামশেদুর রহমান ফটিক, সাবেক কাউন্সিলর আবুল কাশেম ও গিয়াস উদ্দিনসহ অনেকে।
সভায় মন্ত্রী চাঁদাবাজি ও মাদক নির্মূল এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তরুণদের বিপথগামী হওয়ার পেছনে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বাচ্চারা নষ্ট হওয়ার পেছনে আমরাই দায়ী, সমাজ দায়ী। কেননা আমরা তাদের কাজ দিতে পারি না, খেলাধুলা করতে দেই না। এ কারণে তারা কাজ না পেয়ে বিপথগামী হয়।’
মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় তিনি তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন।
অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে মন্ত্রীর হাতে ট্রাস্টের সাহিত্য সাময়িকী ও জার্নাল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রসূল মেনন।
