কালবেলা · খেলাধুলা
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে সিনিয়র ব্যাটারদের প্রতি লিটনের বার্তা
১৭/১০/২০২৬

ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে দলের সিনিয়র ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
আবুধাবিতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।
সর্বশেষ কয়েকটা ওয়ানডে সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ে- দুই দলের বিপক্ষেই বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স ছিল চিন্তার কারণ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতেও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে সিরিজেও ইনিংস পূর্ণ করতে হিমশিম খেতে হয়েছিল তাদের।
বিষয়টি নিয়ে লিটন দাস বলেন, সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা এখানে (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে) ৫০ ওভার ব্যাট করতে পারিনি, জিম্বাবুয়েতেও পারিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে যে, শীর্ষ ছয় বা সাতে যারা ব্যাট করছি, তারা যেন ম্যাচ শেষ করে আসতে পারি।
তবে অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক। দলকে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনের চ্যালেঞ্জে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অতীতে যা ঘটেছে তা থেকে আমরা শিক্ষা নিতে পারি। 'আগে খারাপ খেলেছি, সামনেও খারাপ খেলব'- এমনটা ভেবে বসে থাকা যাবে না। আমাদের মানসিকতা সবসময় ইতিবাচক রাখতে হবে এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলারই চেষ্টা করব।
এদিকে ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। লিটন বিশ্বাস করেন, তরুণ এই স্পিনারকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করার এটাই উপযুক্ত সময় এবং জাতীয় দলের সঙ্গে সময় কাটালে তিনি দারুণভাবে উপকৃত হবেন।
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আলিসের। দেশের লিস্ট 'এ' টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। আর এই দুর্দান্ত ঘরোয়া মৌসুমের পারফরম্যান্সের ওপর ভর করেই প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি।
আলিসকে নিয়ে অধিনায়ক লিটনের মন্তব্য, অবশ্যই, আপনি যদি আলিসের দিকে তাকান, ও সাদা বলের ক্রিকেটে খুব ভালো করেছে। বিশেষ করে বাংলাদেশের টি-টোয়েন্টি সার্কিটে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয় ওকে দলে আনার এটাই সঠিক সময়। জাতীয় দলের সঙ্গে থেকে ও যদি অনেক কিছু শিখতে পারে এবং দেশের জন্য অবদান রাখতে পারে, তবে সেটা দলের জন্যই মঙ্গলজনক হবে।
ইউএইতে হতে যাওয়া এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটিকে ট্রফি জয়ের পাশাপাশি আগামী বছরের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন লিটন।
অধিনায়ক হিসেবে পূর্ণমেয়াদে দায়িত্ব শুরুর আগেই টুর্নামেন্টটিকে ঘিরে নিজের আশাবাদের কথা জানিয়ে লিটন বলেন, সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এটা আমার জন্য বড় একটা সুযোগ। সামনে আমাদের বিশ্বকাপ ও এশিয়া কাপ রয়েছে। আমার মনে হয় আমাদের প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। এশিয়া কাপে হয়তো পাঁচ-ছয়টি দল থাকে, আর ত্রিদেশীয় সিরিজে খেলছে তিনটি দল। তবে চাপ বা অন্যান্য দিকগুলো একই রকম থাকে।
বাংলাদেশ এই সিরিজের শিরোপা জিততে পারবে কি না- এমন প্রশ্নে আশাবাদী লিটনের সংক্ষিপ্ত ও স্পষ্ট জবাব, অবশ্যই, আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তবে কেন নয়?
মূল প্রতিবেদনে যান ↗