শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটির আগে শেষ কর্মদিবস। অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস খোলা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শ্রেণি পাঠদান ও অন্যান্য কার্যক্রম শুরু হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ জানিয়েছে, কলেজ শাখার শ্রেণি কার্যক্রম ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে সাপ্তাহিক ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবং ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে।
তবে ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে আগামী শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএম/
