চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস বিদ্যুতের পিলারে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আহত হন একই গাড়িতে থাকা আরও তিন যাত্রী।
