বগুড়ায় ইট ও বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফিরোজ হোসেন ওরফে ফোকরা, মো. চান মিয়া ও মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা। রায় ঘোষণার সময় আসামি চান মিয়া আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবু তালেবকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বগুড়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. হারুনূর রশিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
