কালবেলা · আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সিক্স ফ্ল্যাগস পার্কে রোলারকোস্টার দুর্ঘটনা, নিহত ১
১৩/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আটলান্টা শহর থেকে প্রায় ১৫ মাইল দূরে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিবিসির সংবাদ সহযোগী সিবিএসের বরাতে জানা গেছে, ঘটনাটি তদন্ত করছে কোব কাউন্টি পুলিশ বিভাগ। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
পুলিশ দুর্ঘটনায় জড়িত রাইডটির নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে ‘গোলিয়াথ’ নামের রোলারকোস্টারটিকে মাঝপথে থেমে থাকতে দেখা যায়। এ সময় কর্মীদের যাত্রীদের সেখান থেকে নামতে সহায়তা করতে দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এক ব্যক্তিকে রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে যেতে দেখেছেন তারা। এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয়েছে, ওই ব্যক্তি রোলারকোস্টার থেকে পড়ে একটি বাড়ির ছাদের ওপর গিয়ে পড়েন। তবে বিবিসি এসব প্রত্যক্ষদর্শীর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে, দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া কর্তৃপক্ষ। এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্কে ঘটে যাওয়া এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
পার্কের এক মুখপাত্র আরও জানান, ঘটনার পর পার্কের কর্মীরা এবং স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত সাড়া দেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলমান তদন্তে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।
এ ঘটনায় কীভাবে একজনের মৃত্যু হয়েছে এবং রোলারকোস্টারটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় পুলিশ, অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ও পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে তারা তথ্য দিতে অনীহা জানান।
সূত্র: বিবিসি
মূল প্রতিবেদনে যান ↗