চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আধ্যাত্মিক সাধনার বাইরেও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ রয়েছে মাইজভান্ডার দরবার শরিফের। এ দরবার বিভাজন নয়, ঐক্য আর সম্প্রীতির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনে উপস্থিত ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী ও সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী এবং শাহজাদা সৈয়দ আবতাহী সাফওয়ান মাইজভান্ডারী।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং লায়ন্স ক্লাব অব মেট্রোপলিটনের সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান, লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনসহ গাইছিয়া আহমদিয়া মঞ্জিল, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর দায়িত্বশীল নেতা, বিএনপি নেতা, লায়ন্স ক্লাব নেতা, সমাজপতি, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
