ভালুকায় শিক্ষককে হামলা ও কিশোরী কন্যাকে অপহরণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ভালুকায় সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলা এবং তাঁর কিশোরী কন্যাকে অপহরণের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ২২ নম্বর নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত সাকিল, রেদোয়ান ও তাঁদের সহযোগীরা শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলা চালান। একই ঘটনায় তাঁর কিশোরী কন্যাকে অপহরণের অভিযোগও তোলেন তাঁরা।
নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনা করেন লিটন মাস্টার। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, একজন শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন ডা. জালাল উদ্দীন, কবির হোসেন মন্ডল, ইকবাল হোসেন বাচ্চু, মাসুদ মিয়া, আরমান খান, মোখছেদুল ইসলাম, জসিম উদ্দিন, আজহারুল ইসলাম, হাফেজ নুরুল আমিন, আবুল হোসেন খান ও রফিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।
