কক্সবাজারের পেকুয়ায় নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়েন (৭) পেকুয়া পৌরসভার শেখের কিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে।
নিহতের দাদা মাহমদ জানান, গতকাল রোববার লায়েন তার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। আজ সকালে সে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানার বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় লায়েনকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
