নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় মামলা হয়েছে। মামলায় এনসিপি, জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করেন ইউএনও কার্যালয়ের কর্মকর্তা মোক্তার হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া।
আসামিরা হলেন রাজশাহী নগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমান, উপজেলা শাখার আহ্বায়ক জিয়াউর রহমান, পৌর শাখার সদস্যসচিব মোফাজ্জল হোসাইন আনাম, পৌর জামায়াতের বাণিজ্য বিভাগের সভাপতি হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মো. মাহাফুজ, ছাত্রশিবিরের সাবেক নেতা ইলিয়াস উদ্দিন ও বিএনপি কর্মী আবদুল হামিদ বাবলু।
জানতে চাইলে ইউএনও ইসরাত জাহান বলেন, অফিসের সামনে এসে মব করা, অফিস টাইমে কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের তালা দিয়ে ভোগান্তিতে ফেলা—আসলে তাঁরা যা করেছেন, সেসব উল্লেখ করেই মামলা করা হয়েছে।
গোদাগাড়ী থানার ওসি সুজন মিয়া বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে গতকাল বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এনসিপি, জামায়াত ও বিএনপির একাংশের কয়েকজন নেতা-কর্মী। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

