ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। বিশেষ এই দিনের প্রথম প্রহর দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে সঙ্গে নিয়ে ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন অভিনেত্রী। সন্তানদের ভালোবাসা আর আনন্দঘন মুহূর্তে কেক কেটে জন্মদিনের সূচনা করেন তিনি।
শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে জন্মদিন উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে লাল রঙের খোলামেলা গাউনে হাসিমুখে কেক কাটতে দেখা যায় তাকে। এ সময় তার পাশে ছিল ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম।
কেক কাটার মুহূর্তে দুই সন্তানকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। তাদের আদর ও চুম্বনে জন্মদিনের আয়োজন হয়ে ওঠে আরও আবেগঘন। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে সন্তানদের উপস্থিতি যে বিশেষ গুরুত্ব বহন করে, সেই চিত্রই যেন ফুটে উঠেছে ভিডিওতে।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে বিভিন্ন সময়ে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে এবারের জন্মদিনের প্রথম প্রহর কাটল সন্তানদের সঙ্গে একান্ত পারিবারিক আবহে।
চলচ্চিত্রের পর্দায় নানা চরিত্রে দর্শকদের সামনে হাজির হলেও ব্যক্তিজীবনে সন্তানদের নিয়ে পরীমনির এমন মুহূর্ত ভক্তদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের বিষয়। জমকালো আয়োজনের বদলে এবার সন্তানদের ভালোবাসায় ঘেরা ঘরোয়া উদযাপনেই জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন তিনি।
