‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা: পূজা চেরী

প্রভাত বিনোদন : নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয় নিয়ে তেমন কোনো খবর নেই ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। নতুন ছবি প্রকাশের পাশাপাশি নানা ধরনের বার্তাও দিচ্ছেন ভক্তদের। এবার একা হয়ে যাওয়া, পরিচিত মানুষের সংখ্যা কমে যাওয়া এবং নিজের পথে এগিয়ে চলা নিয়ে একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূজা। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে তাকে। রাতের আলোয় কোনো একটি ভবনের ছাদ বা বারান্দা থেকে ছবিগুলো তোলা হয়েছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় পূজা লেখেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’
পূজার এই বক্তব্যে একা হয়ে যাওয়াকে ভয় না পেয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা উঠে এসেছে। তবে কাকে উদ্দেশ করে কিংবা কী পরিস্থিতিতে এমন কথা লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। এদিকে পূজার নতুন ছবিগুলোও নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকে তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে।’
আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।’ দুর্গাপূজা সামনে রেখে এক ভক্ত আবার তাকে বিভিন্ন পোশাকে পূজার ছবি প্রকাশের অনুরোধ জানিয়েছেন।
বড় পর্দায় পূজা চেরীকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই শেষ হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি অভিনেত্রী।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে পূজার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন আলোচনা হয়েছে। তার সম্পর্ক ও বিয়ে নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার নিজের নতুন ছবির সঙ্গে দেওয়া বার্তায় ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
More News Of This Category

