রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
রোববার (১১ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী রনি আহমেদ ও শাশুড়ি রোকিয়া বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাসরিনের সাথে রনি আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিরে তাসরিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তার শ্বশুরবাড়ির লোকজন।
নিহতের মামা সেলিম অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য এর আগেও কয়েকবার সালিশ-দরবার হয়েছে। দাবিকৃত সোকেস, ফ্রিজসহ নানা আসবাবপত্র ও নগদ টাকা দেওয়ার পরও তারা অতিরিক্ত টাকার জন্য চাপ দিচ্ছিল। টাকা না দিলে মেয়েকে ফেরত পাঠানো বা মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। অবশেষে হুমকি অনুযায়ী তারা আমার ভাগনিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
তিনি আরও জানান, হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নিহতের মরদেহ ফ্যানের সাথে ঝুলানোর চেষ্টা করে ব্যর্থ হয় ঘাতকরা। পরবর্তীতে দুপুরের দিকে মেয়ের পরিবারকে না জানিয়েই তারা লাশ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে তাসরিনকে মৃত অবস্থায় পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
