ইয়েমেনের তাইজ শহরে হুথি বিদ্রোহীদের দুটি হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অসংখ্য যোদ্ধাকে হতাহত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবার (১৬ অক্টোবর) ইয়েমেনের সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তাইজের দাহিহ ও হিসন কাহলান ফ্রন্টে হুথিদের হামলা প্রতিহত করে সরকারি সেনারা। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। জাবাল আল-দাহিহ ও আল-মাশরাখ এলাকায় সকাল থেকে লড়াই চলছিল বলে জানানো হয়েছে।
তাইজের হান পাহাড়ে সরকারি বাহিনীর সঙ্গে সম্মুখ লড়াইয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনি কর্মকর্তা ফায়াদ আল নোমান।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিহত কমান্ডারের নাম আব্দুলরহমান মোহাম্মদ সুফিয়ান ওয়াজিহ আল-দ্বীন। তিনি আবু আল-কারার নামেও পরিচিত ছিলেন। হুথি বাহিনীতে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় দায়িত্ব পালন করতেন এবং ইব প্রদেশের ধি আল-সুফাল অঞ্চলের দায়িত্বে ছিলেন।
তবে ওই কমান্ডার কখন ও কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ফায়াদ আল নোমান। হুথি কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তাইজ শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক দিন ধরে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দুই দিন আগে হুথিরা গুরুত্বপূর্ণ শহরটি দখলের দ্বারপ্রান্তে ছিল।
২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে হুথিদের হটাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা শুরু করে। পরে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সম্প্রতি তা ভেঙে পড়ে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু
