বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ফাইল ছবি)ছবি সৌজন্য: ANI
Published on
:
2 min read
আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ষড়যন্ত্রের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। শিকাগোর ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ১৯ বছরের এক মার্কিন তরুণ। তার গ্রেপ্তারির পরেই সামনে আসে পুরো ছক। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে বিদেশ মন্ত্রক। ভারতীয় বংশোদ্ভূতদের হুমকি এবং তাঁদের প্রাণনাশের ষড়যন্ত্র প্রকাশ পেতেই বিবৃতি নয়াদিল্লির। এমন বর্ণবিদ্বেষী ও হিন্দুবিদ্বেষী হুমকি বিশেষ ভাবে উদ্বেগজনক বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটনের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি।
কী হয়েছে আমেরিকায়?
আমেরিকায় হিন্দু মন্দিরে গুলি চালিয়ে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হয় ১৯ বছরের আলেকজান্দ্রোস পাপোরাকিস। ইলিনয়ের বাসিন্দা পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি ও বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তাঁর বাড়ি থেকে রাইফেল, কয়েকশো গুলি ও বডি আর্মার উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি বিদ্বেষ থেকেই হামলার ছক কষেছিলেন অভিযুক্ত। গত ১১ অক্টোবর হিন্দু মন্দিরে গিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে গণহত্যার পরিকল্পনা ছিল তাঁর বলে অভিযোগ।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার মতো পদক্ষেপের বিষয়ে ভারত অবগত। আমেরিকা কী ব্যবস্থা নিচ্ছে, তাতে নজর রাখছে ভারত। তবে শুধু এই ঘটনাই নয়, ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও বিদ্বেষমূলক আচরণ নিয়ে সামগ্রিক ভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে বিদেশ মন্ত্রক।
অভিযুক্তের পরিকল্পনা সম্পর্কে কী জানা গিয়েছে?
পুলিশ সূত্রে খবর, ধৃত আলেকজান্দ্রোস পাপোরাকিস ইলিনয়ের পালাটাইনের বাসিন্দা। তিনি একটি টাকো বেল রেস্তোরাঁয় কাজ করতেন। গণহত্যার পরিকল্পনা সংক্রান্ত একটি নথি এবং আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জামের ছবি সহকর্মীদের পাঠিয়েছিলেন তিনি। ওই বার্তা দেখে সন্দেহ হওয়ায় এক সহকর্মী পুলিশকে খবর দেন।
তদন্তকারীদের দাবি, পাপোরাকিসের লেখা আট পাতার একটি নথিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও নব্য-নাৎসি মতাদর্শের পরিচয় মিলেছে। ভারতীয়, ইহুদি এবং আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে হিংসার কথাও লেখা ছিল বলে অভিযোগ। তবে ঠিক কোন মন্দিরকে নিশানা করার পরিকল্পনা ছিল অভিযুক্তের, তা এখনও নিশ্চিত হয়নি।
অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি ম্যাগাজিন, কয়েকশো গুলি এবং বডি আর্মার উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনি ভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্তে সহযোগিতা করছে এফবিআই। আদালত অভিযুক্তকে বিচারপ্রক্রিয়া চলাকালীন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
